নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা বৈরি হলেও এবার বাবর আজমের প্রশংসা শোনা গেছে হরভজন সিংয়ের মুখে। ভারতের সাবেক এই ক্রিকেটারের ধারণা, পাকিস্তানের অধিনায়ক ভবিষ্যতে একজন কিংবদন্তি ক্রিকেটার হবেন।
বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে বাবরের সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে তার। আইসিসির র্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই সেরা দশে আছেন পাকিস্তানের অধিনায়ক।
হরভজন মনে করেন, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণভাবে পারফর্ম করলেও এখনই বাবরকে ফ্যাব ফোরের সঙ্গে তুলনা করাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে।
আমি মনে করি,”ফ্যাব ফোরে’ সে থাকতে পারবে কিনা তা এখনই বলা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ‘ফ্যাব ফোরে’ কারা আছে তাও আমি জানি না। তবে বাবরের অবশ্যই গুণ আছে, সে একজন জাত ব্যাটার, যার অনেক আত্মবিশ্বাস ও কৌশল রয়েছে। সামনের দিনে সে ক্রিকেটের অন্যতম একজন কিংবদন্তী হয়ে উঠবে।”
বাবর একজন প্রতিভাবান ক্রিকেটার এমন কথায় এবার হরভজনও সুর মেলালেন। একইসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার মনে করেন, সমসাময়িক সময়ের বাকি ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে নন পাকিস্তানের অধিনায়ক।
হরভজন বলেন,”এখনই তাকে বিচার করাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাকে খেলতে দিন এবং তার দলের জন্য আরও বেশি রান করতে এবং ম্যাচ জিততে দিন। প্রতিভার দিক থেকে অন্য কারও চেয়ে কম নয় সে।”
