‘৮’ ম্যাচ হেরেও রোহিত বললেন, ‘এমন হয়!’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একের পর এক হারতে হারতে মোট ৮ ম্যাচ হেরে বিপর্যস্ত মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের অধিনায়ক রোহিত শর্মা চলতি আসরে যেন ঝড়ের কবলে পড়া এক অসহায় নাবিক। দলের এমন বিদঘুটে পারফরম্যান্স মানতে কষ্ট হচ্ছে তার নিজেরও।

টানা ৮ পরাজয়ে মুম্বাই-ই এবারের আসরের সবচেয়ে ‘আন্ডারডগ’ দল হিসেবে পরিচিত পাবে টুর্নামেন্টের বাকি অংশে।

যদিও রোহিত মনে করছেন, তার দলের এই নজিরবিহীন ব্যর্থতার দায় কেবলই ব্যাটিং ইউনিটের। এজন্য তিনি নিজেকেও কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়ছেন না।

রোহিত বলেন,”আমি মনে করি আমরা বোলিং ঠিকঠাক করেছি। উইকেট ব্যাটিংবান্ধব ছিল, বল করা সহজ নয় এখানে। তবে এই রানও তাড়া করার মত ছিল। যথেষ্ট ভালো ব্যাট করতে পারিনি। এমন লক্ষ্য তাড়া করতে গেলে ভালো পার্টনারশিপ লাগে। আমিসহ অনেকেই দায়িত্বহীন শট খেলেছি।”

তিনি আরো বলেন,”পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা বাজে ব্যাটিং করছি। ব্যাটারদের দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হবে। প্রতিপক্ষ তা করতে পারছে ঠিকই, এটাই কষ্ট দিচ্ছে। আমাদের অন্তত একজনকে নিশ্চিত করা উচিৎ সে লম্বা সময় ব্যাট করতে পারবে।”

মুম্বাই এবার যাদের ওপর আস্থা রেখেছিল, তারা প্রত্যেকেই অফ ফর্মে। তবুও দল নিয়ে তেমন পরীক্ষানিরীক্ষা করতে দেখা যাচ্ছে না দলটিকে। রোহিত জানালেন, কেন অফ ফর্মে থাকা ক্রিকেটারদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি জানান,”এমন পারফরম্যান্স নিয়ে সবাই আলাপ করছে। আমাদের দলটাকে মজবুত করতে হবে, সবাই প্রাপ্য সুযোগ পাচ্ছে তা নিশ্চিত করতে হবে। যখন জাতীয় দলের হয়ে খেলে, তাদের দায়িত্ব ভিন্ন থাকে। এখানে আমরা তাদের ভিন্ন দায়িত্ব দেই। তাই আমরা একাদশে বেশি পরিবর্তন না এনে কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। আমরা যেমন চেয়েছিলাম এই মৌসুম মোটেও তেমন যাচ্ছে না। তবে এমন হয়!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »