নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে টানা হেরেই চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ইতিমধ্যে ৫ বার আইপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করা এই দলটি এবারের আসরে এখন পর্যন্ত খেলেছে ৮টি ম্যাচ, যার সবগুলো ম্যাচেই হেরেছে। আইপিএলের ইতিহাসে মুম্বাই-ই প্রথম এবং একমাত্র দল, যারা প্রথম ৮ ম্যাচের সবগুলোই হেরেছে।
যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন দৃশ্য নতুন কিছু নয়। রোহিত শর্মার দল এবার যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে, একই অভিজ্ঞতা হয়েছিল বাবর আজমের করাচি কিংসের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ বছর বাবরের নেতৃত্বাধীন করাচি কিংস হেরেছিল টানা ৮ ম্যাচ!
রোহিতের মুম্বাইয়ের মত বাবরের করাচিও এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল হট ফেভারিট হিসেবে। করাচি টানা ৮ ম্যাচে পরাজয় বরণ করে যথাক্রমে মুলতান সুলতান্স, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের কাছে। নিজেদের ৯ম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে আসরের প্রথম জয়ের দেখা পান বাবররা। তবে দেখা যাক নিজেদের নবম ম্যাচে জয়ের দেখা পায় কি না মুম্বাই।
