হোম টেস্টে রাহীকে বিবেচনায় রাখতে নারাজ নির্বাচকরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত খেলার সুযোগ পেলে হয়ত টেস্টের বর্তমান ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ বোলার হতেন আবু জায়েদ চৌধুরী রাহী। তবে দলে রাহীর প্রাধান্য কমছে এবাদত হোসেন চৌধুরী, তাসকিন-খালেদদের ‘উত্থানে’।

এবার ঘরের মাঠের টেস্ট থেকে রাহী বাদ পড়েছেন। বলা যায়, ‘জায়গা হারিয়েছেন’ সিলেটের আরেক পেসার রেজাউত রহমান রাজার কাছে। রাহীকে কেন বাদ দেওয়া হল আর অনভিষিক্ত রাজাকে কেন দ্বিতীয়বারের মত স্কোয়াডে ডাকা হল, সেই ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গণমাধ্যমের সাথে আলাপকাপে মিনহাজুল আবেদিন নান্নু বলেন,”রাহীর ব্যাপারটা হল- যেহেতু হোম কন্ডিশনে খেলা। ওকে সুইংয়ের দিক থেকে চিন্তা করি। রাজা এইচপি ট্রেনিংয়ে ভালো করেছে, ঘরোয়াতেও ভালো গতিতে বল করেছে। পেসে ভ্যারিয়েশনের জন্য একটু পরিবর্তন এনেছি।”

তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের চোটও ভাবিয়েছে- দাবি নির্বাচকদের। যদিও শরিফুল আছেন প্রথম টেস্টের স্কোয়াডে, নেই শুধু তাসকিন।

নান্নুর ভাষায়,”কিছু ইঞ্জুরি কনসার্নও আছে। শরিফুলও পুরোপুরি ফিট না। তবে ফিজিওর যে রিপোর্ট আছে, আশা করছি প্রথম টেস্ট থেকেই ওকে পাওয়া যাবে। খালেদ ও এবাদত তো আছেই। যেহেতু ঘরের মাঠে খেলা, তিনটা সিম বোলার তো লাগবেই। সেই ভাবনা থেকেই রাজাকে নেওয়া।”

রাহী প্রথম টেস্টের স্কোয়াডে না থাকলেও যে আড়ালে চলে যাননি, সেই বিষয়টি মনে করিয়ে দিলেন নান্নু। অনেক দিন ধরে খেলায় না থাকায়, কিংবা বলা ভালো ‘খেলার সুযোগ না পাওয়ায়’ তাকে একটু পরখ করে দেখতে চান নির্বাচকরা। সেজন্য রাহীকে রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে।

তিনি বলেন,”রাহী থাকছে না এটা বলব না। গত সিরিজ পর্যন্ত ও কিন্তু দলে ছিল। কিন্তু নিয়মিত হতে পারছে না। টিম ম্যানেজমেন্টের সাথে আমরা আলোচনা করেছি, ঘরের মাটিতে অন্যরকম পরিকল্পনা নিয়ে খেলা হয়। ঐ চিন্তা থেকেই রাহীকে দলের বাইরে রাখা হয়েছে। তারপরও প্র্যাকটিস ম্যাচে রাখছি। যেহেতু অনেক দিন খেলায় নেই, দেখা যাক কেমন বল করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »