নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের স্লেজিং নিয়ে কোনো অভিযোগ করেননি বা এমনকি করবেন না তিনি। স্লেজিং স্বাভাবিক হলে তা মেনে নেওয়ার পক্ষে মুমিনুল।
দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর মুমিনুল দাবি করেছিলেন, ম্যাচের শেষ দিকে বাংলাদেশের ক্রিকেটারদের স্লেজিং করতে করতে তা গালাগালির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা। তবে এ নিয়ে এখনও কোনো অভিযোগ করেনি বাংলাদেশ।
আজ শুক্রবার (৮ এপ্রিল) থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে সংবাদ সম্মেলনে উঠে এল স্লেজিং কিংবা অ্যাবিউজের প্রসঙ্গ।
মুমিনুল ক্যাপ্টেনস রিপোর্টে অভিযোগ করেছেন কি না- সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুমিনুল বলেন,”আমি স্লেজিং নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, ক্রিকেটে স্লেজিং হবেই। এটা মেনে নিতেই হবে। এটাকে সহজভাবে নিতে হবে। আমি এ ব্যাপারে কোনো অভিযোগ করিনি। আপনি হয়ত ভুল শুনেছেন।”
এর আগে মুমিনুল স্লেজিংকে স্বাভাবিকভাবে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি তখন বলেন,”ক্রিকেট মাঠে স্লেজিং সবসময় হয়। স্লেজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়াররা সেভাবে খেয়াল করেননি।”
