নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা পোষণ আগেই জানিয়েছিলেন রমিজ রাজা। আসন্ন আইসিসির সভায় আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব উত্থাপন করবেন রমিজ রাজা। এর আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্তাদের সঙ্গে সভায় বসবেন রমিজ। আইসিসিকে প্রস্তাব দেয়ার আগে সৌরভ গাঙ্গুলিদের সহযোগিতা কামনা করবেন তিনি।
৭ থেকে ১০ এপ্রিলের মধ্যে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি সভা। এই উপলক্ষে ইতোমধ্যেই দুবাইতে পৌঁছেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ ও প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইন। জানা গেছে, চার জাতির সিরিজের ব্যাপারে ইতোমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে রাজি করিয়েছেন রমিজ। সম্ভব হলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) আগেভাগে রাজি করাবেন রমিজ, এমনটাও জানা গেছে।
পিসিবির এক কর্মকর্তা পাকিস্তানের একটি মিডিয়াকে জানিয়েছে,”সামনের সভা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আইসিসি সভার আগে রমিজ বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় বসবেন। এশিয়া কাপ, চার জাতি সিরিজে বোর্ডগুলো লাভ কেমন হয় বা সবার স্বার্থের বিভিন্ন ব্যাপারে তারা আলোচনা করবেন।”
