নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডারবান টেস্টের আম্পায়ারিং নিয়ে ব্যাপক অভিযোগ বাংলাদেশ দলের। সাকিব আল হাসানের মতোই মুমিনুল হকও বললেন দ্বিপক্ষীয় সিরিজে নিরপেক্ষ আম্পায়ারকে দায়িত্ব দেওয়া উচিত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে আম্পায়ারিং নিয়ে ম্যাচ অফিসিয়ালদের কাছে অভিযোগ জানিয়েছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে টেস্ট সিরিজে সেটি আরো বড় প্রভাব ফেলেছে। কেননা ডারবান টেস্টে দায়িত্বে থাকা দুই আম্পায়ারকে নিয়ে অভিযোগের শেষ নেই।
ডারবান টেস্টের আম্পায়ারদের এমন কাণ্ডে নীরব থাকেননি বাংলাদেশ দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। দলের সঙ্গে না থাকলেও টুইট বার্তায় আইসিসিকে দ্বিপাক্ষিক সিরিজে নিরপেক্ষ আম্পায়ার ফেরত আনার আহ্বান জানান তিনি। প্রোটিয়াদের কাছে হারের পর আম্পায়ার ইস্যুতে সাকিবের সুরেই কথা বললেন মুমিনুল।
তিনি বলেন,”আম্পায়ারিং আমাদের হাতে নেই। তবে আমার মনে হয়, আইসিসির এখন এগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত। নিরপেক্ষ আম্পায়ার আবার নিয়ে আসা উচিত, কোভিডের আগে যে পরিস্থিতি ছিল। এখন তো কোভিড মোটামুটি নিয়ন্ত্রণে। আইসিসির এগুলো খেয়াল রাখা উচিত।”
তিনি আরও বলেন,”শুধু এই সিরিজেই নয়, অন্য সিরিজেও কিন্তু এরকম হয়েছে যে আম্পায়াররা ওই দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। এগুলো আমরা এই সিরিজেও দেখেছি, আগের সিরিজেও দেখেছি।”
