কামিন্স দলে ফেরায়, মধুর সমস্যায় কলকাতা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান সফর শেষে ইতিমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিয়েছেন প্যাট কামিন্স। তাকে দলে পেয়ে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স। যদিও কামিন্স দলের সঙ্গে যোগ দেয়ায় দল নির্বাচনের ক্ষেত্রে মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে, এমনটাই বলেছেন ব্রেন্ডন ম্যাককালাম।

আইপিএলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪ জন বিদেশী ক্রিকেটারকে একাদশে খেলাতে পারে দলগুলো। তবে দলের ভারসাম্যের ওপর গুরুত্ব দিয়ে একাদশ সাজানোর ইঙ্গিত দিয়েছেন দলটির প্রধান কোচ।
কলকাতার দুই বিদেশি ক্রিকেটার ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল আর সুনিল নারিনের পাশাপাশি স্যাম বিলিংসও ধারাবাহিক পারফর্ম করেছেন। তাই একাদশ নির্বাচনে কিছুটা হলেও দ্বিধায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

ম্যাককালাম বলেন,”আমাদের স্কোয়াডে যথেষ্ট ভালো ক্রিকেটার আছে। দল নির্বাচন নিয়ে আমরা মধুর সমস্যায় আছি। আশা করি, সঠিক দল নির্বাচন করতে পারবো।”

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন কামিন্স। তার অধিনায়কত্বে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর আগে গত অ্যাশেজেও তার অধিনায়কত্বে জিতেছে অজিরা। নেতা হিসেবে খুব বেশি ম্যাচ না খেললেও ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছেন অধিনায়ক কামিন্স। এবার তার নেতৃত্বের প্রশংসা করলেন ম্যাককালাম।

কলকাতার প্রধান কোচ বলেন,”প্যাটকে ফিরে পেয়ে আমি আনন্দিত। সে এমন একজন মানুষ যে, সবার সঙ্গে ভালোভাবে মিশতে পারে এবং মানুষ হিসেবেও সে খুবই ভালো। প্যাট একজন দুর্দান্ত ক্রিকেটার এবং ভালো নেতা। তাই শ্রেয়াসের পাশাপাশি সে দলের নেতৃত্বে বাড়তি মাত্রা যোগ করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »