নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগমুহূর্তেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। যদিও হরভজন সিং মনে করেন, এখনও চেন্নাইকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ধোনি।
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হলেন ধোনি। কেননা চেন্নাইকে চারবার আইপিএল শিরোপা জিতিয়েছেন তিনি। তবে এবারের আসর শুরুর একদিন আগে হুট করেই নেতৃত্ব ছাড়েন তিনি।
হরভজনের মতে, চেন্নাইয়ের নামমাত্র অধিনায়ক জাদেজা। এখনো ফিল্ডিং সাজানো থেকে শুরু করে অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন ধোনি, যা নজরে এসেছে হরভজনের।
চেন্নাইয়ের সাবেক এই স্পিনার বলেন,”আমি মনে করি, এম এস ধোনি এখনো চেন্নাইয়ের অধিনায়ক। জাদেজাকে আমরা দেখি বৃত্তের বাইরে ফিল্ডিং করতে। সেখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় না। এছাড়া ফিল্ডিং সাজানোর মাথাব্যাথাও সে ধোনির ওপর ছেড়ে দিয়েছে। ফিল্ডিং সাজানো ছাড়াও বেশ কিছু ব্যাপার সে ধোনির কাঁধে তুলে দিয়েছে। যদিও জাদেজা যথেষ্ট আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। সে যখন ব্যাটিং বা বোলিং করে সেটা অবশ্যই অসাধারণ। আমার মনে হয় তার নিজস্ব মত দেয়ার সময় এসেছে।”
