শেষদিকে তাইজুলের ‘অভাব’ বোধ করেছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট, তাই টাইগার একাদশে রেখেছে তিন পেসার ও মাত্র এক স্পিনার। ডারবান টেস্ট যত পুরনো হচ্ছে, আক্ষেপও তত বাড়ছে। কারণ শেষদিকে এসে স্পিনারদের বল পিচে ধরতে শুরু করেছে।

দলে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন মিরাজ। ম্যাচে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তুলে নিয়েছেন ৬ উইকেট। যে কারণে প্রশ্ন উঠছে- কেন এই উইকেটে একাদশে রাখা হল না তাইজুল ইসলামকে।

চতুর্থ দিনের খেলা শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, উইকেট নিয়ে দ্বিধায় ছিল দল। তিনি বলেন,”আমরা ঢাকাতে যখন ট্রেনিং করেছি, দক্ষিণ আফ্রিকার কন্ডিশন মাথায় রেখেই ট্রেনিং করেছি। চিন্তা করেছি উইকেটে পেস থাকবে, বাউন্স থাকবে। আমরা দ্বিধায় ছিলাম। কন্ডিশন যেটাই হোক আমাদের মানিয়ে নিতে হবে।”

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ ওভারে তিনটি উইকেট বাগিয়ে নিয়েছেন প্রোটিয়া দুই স্পিনার। তবে তাই বলে স্পিনকে শেষ দিনের হুমকি মানতে নারাজ সুজন।

একইসাথে সন্তোষ প্রকাশ করলেন নিজেদের বোলারদের নিয়ে বলেন,”স্পিনে আমরা খেলে অভ্যস্ত নই তা না। আর সব ফাস্ট বোলার, এমনকি তাসকিন কাঁধের ইনজুরি নিয়েও পেইন কিলার খেয়ে বোলিং করেছে। বোলাররা ভালো করেছে, এখন ব্যাটারদের পালা।”

সাকিব থাকলে বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্ভাবনা দূর হওয়ার পাশাপাশি একাদশে একজন স্পেশালিষ্ট বোলার, বিশেষত স্পিনার বেশি পাওয়া যেত। সেই কথা মানছেন টিম ডিরেক্টরও।

সুজন জানান,”সাকিবের না থাকা অনেক প্রভাব ফেলে। সাকিব না থাকলে একজন ব্যাটার বেশি নিয়ে খেলতে হয়, একজন বোলার কম নিতে হয়। আমাদের দুইটা পেসার থাকলে তাসকিনের ইঞ্জুরির পর এক পেসার নিয়ে খেলা খুব কঠিন হত। তাই বলব না ভুল করেছি। সবাই চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছি। উইকেট নিয়ে প্রথম থেকেই একটু দ্বিধায় ছিলাম। তাইজুল খেললে ভালো হত এখন মনে হচ্ছে। আবার দুই পেসার নিয়ে খেলতাম যদি, আর উইকেটে স্পিন না থাকত, তখন মনে হত একজন পেসার কেন নিলাম না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »