নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিদ্যুৎহীনতা, তীব্র জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জনরোষ ঠেকাতে কারফিউ জারি করে শ্রীলঙ্কার সরকার। যদিও রোববারও কারফিউ ভেঙে রাস্তায় নামে মানুষ। তাতে শ্রীলঙ্কার কয়েকটি শহরে হয় তুমুল সংঘর্ষ। এমন দুঃসময় নিয়ে মুখ খুললেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, ‘এটা কল্পনা করাও কষ্টকর যে লঙ্কানরা এখন কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যেভাবে প্রতিটি দিন মানুষগুলো এবং এক একটা পরিবার হতাশায় ধুমড়ে-মুচড়ে পড়ছে, এই দৃশ্যগুলো সত্যিই হৃদয় বিদারক।’
তিনি আরও লেখেন, ‘এমনকি দিন যত যাচ্ছে তত কঠিন হচ্ছে বেঁচে থাকা। মানুষ প্রতিবাদ শুরু করেছে এবং একটা সমাধানের অপেক্ষায় বুক বেঁধেছে। আমার মনে হয় এই সময়ে মানুষের কথাটাই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাদের শত্রু ভাবলে চলবে না। সময় ফুরিয়ে আসছে, আমি বলব যত দ্রুত সম্ভব মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’
