নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডারবান টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন আরও ২৬৩ রান হাতে আছে ৭ উইকেট। আর ড্র করতে হলে অন্তত ৯০ ওভার উইকেটে থাকতে হবে। এমন অবস্থায় জয়ের দিকেই চোখ রাখছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও খালেদ মাহমুদ সুজন আশাবাদী, এই টেস্টে এখনও জয় সম্ভব।
গতকাল দিনের শেষভাগে বাংলাদেশের উইকেট হারানোর যে ধারা সেটি অব্যহত ছিল এদিনও। শেষ বেলায় মাত্র ৬ ওভার ব্যাট করেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটারকে। আর অধিনায়ক মুমিনুল হকও সাজঘরে ফিরেছেন কেবলই বিপদ বাড়িয়ে। তবে দল নিয়ে আশাবাদী বাংলাদেশের টিম ডিরেক্টর।
তিনি বলেন,”কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে, কাল সকালে কেমন শুরু করি।”
অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস-মেহেদি হাসান মিরাজরাও নিয়মিত রান পাচ্ছেন। তাই এখনও জয়েই চোখ রাখছেন সুজন।
বাংলাদেশের এই টিম ডিরেক্টর বলেন,”এখনও বাইরে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক, শান্ত উইকেটে আছ। এরপর লিটন ও ইয়াসির আছে। এখনও আমাদের সম্ভাবনা আছে। আমি জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনও আমরা জেতার আশা ছাড়ছি না।”
