বাংলাদেশ একাদশে একজন বোলারের কমতি রয়েছেঃ ফিল্যান্ডার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি ডারবান টেস্টে বাংলাদেশ খেলছে তিন পেসার ও এক স্পিনার নিয়ে। তিন পেসার মধ্যে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীর সাথে এক প্রান্তে সমানতালে বল করে চলেছেন মেহেদী হাসান মিরাজ। এরপরেও বাংলাদেশের একাদশে একজন বোলারের কমতি দেখছেন প্রোটিয়া কিংবদন্তি ভারনন ফিল্যান্ডার।

সাকিব না থাকায় সুযোগ ছিল তাইজুল ইসলামের। তবে সাকিবের অনুপস্থিতিতে টাইগাররা খেলছে ৭ ব্যাটার নিয়ে। যদিও দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডারও মানছেন- বাংলাদেশ একজন বোলার কম রেখেছে একাদশে।

ফিল্যান্ডার বলেন,”আমি বলব না স্পিনার কম, তবে একাদশে একজন বোলারের কমতি রয়েছে। দক্ষিণ আফ্রিকায় তিন পেসার ও ও এক স্পিনার নিয়ে খেলা কঠিন। তবে মিরাজ দারুণ বোলিং করেছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে, প্রথম দিনে এমন বোলিং দুর্দান্ত। পেসাররা হয়ত উইকেট এনে দিচ্ছিল, তবে মিরাজ প্রোটিয়াদের চেপে ধরেছিল, ব্যাটিং লাইনআপকে অনেক চাপে ফেলেছিল।”

ফিল্যান্ডারের কথায় স্পষ্ট, বাংলাদেশের একাদশে যে অভাব তা শুধুই সাকিব আল হাসানের। অথবা সাকিবের চেয়ে কম মানের কোনো অলরাউন্ডার থাকলেও ভারসাম্য আসত, মনে করেন তিনি।

ফিল্যান্ডারের ভাষ্য,”দিনশেষে ব্যাপারটা হল ভারসাম্যের। দক্ষিণ আফ্রিকায় এলে আপনি তিন পেসার রাখতেই পারেন। তবে ৮-১০ ওভার বল করতে পারে এমন একজন অলরাউন্ডার থাকলে পেসাররা একটু নিস্তার পেত। হ্যাঁ, একজন বোলার মনে হয় কম হয়ে গেছে।”

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেসারদের জন্য পরামর্শও দিয়েছেন এই অলরাউন্ডার। তিনি জানান,”সব কিছু সাধারণ রেখে চাপ সৃষ্টির চেষ্টা করে যেতে হবে। এজন্য শুরুতে দ্রুত কিছু উইকেট তুলে নিতে হবে। এটা রকেট সাইন্স নয়, দক্ষিণ আফ্রিকায় পেসাররা একটু সুবিধা পাবেই। তাই দীর্ঘ সময় ধরে নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »