নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ডারবান টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে চারটি উইকেট শিকার করেছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে প্রোটিয়াদের দলীয় পুঁজি ৩০০ পেরিয়েছে। তবে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা আছে বিপাকে।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথম সেশনে পরপর দুই বলে দুই উইকেট হারায়, শিকারি ছিলেন আগের দিনে একটি উইকেট শিকার করা পেসার খালেদ আহমেদ। ৮৩তম ওভারে ৮১ বলে ২৮ রান করা কাইল ভেরেইন্নেকে এলবিডব্লিউ করেন দলীয় ২৪৫ রানে। পরের বলেই মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন উইয়ান মাল্ডারকে।
৫৩ রান নিয়ে দিন শুরু করা বাভুমা পৌঁছে গিয়েছিলেন শতকের খুব কাছাকাছি। তবে ৭ রানের আক্ষেপ নিয়ে তাকে ফিরতে হয় সাজঘরে। ১৯০ বলে ৯৩ রান করা বাভুমাকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটের পর ২৯৮ রানে অষ্টম উইকেটও হারায় দক্ষিণ আফ্রিকা। এবাদত হোসেন নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন মহারাজকে ফিরিয়ে, যিনি ৪০ বলে ১৯ রান করে দলকে আশা দেখাচ্ছিলেন। তাতে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়াদের পুঁজি ৩১৪ রান।
