নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০০৮ সালে আইপিএল দিয়ে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি লীগ। এরপর ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান , আফগানিস্তান আয়োজন করতে শুরু করে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লীগ। গত বছর থেকে ইংল্যান্ড ও হাত দিয়েছে ফ্রাঞ্চাইজি লীগে।
গত বছর ইংল্যান্ড শুরু করে তাদের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লীগ। তবে অন্যান্য দেশের লীগ গুলো টি২০ ফরমেটে হলেও তারা শুরু করে একটু নতুন নিয়মে, ক্রিকেট দুনিয়ায় ১০০ বলের ক্রিকেটের নতুন এক সংস্করণ নিয়ে আসে ইংলিশরা।
এবছরও মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি লিগটি। এবারের আসরের ড্রাফটে নাম রয়েছে ২৫০ জন ইংলিশ ক্রিকেটারের পাশাপাশি ২৮৫ জন বিদেশি ক্রিকেটারের। ১৬ দেশের এই ২৮৫ ক্রিকেটারের মধ্যে থেকে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন ১০ ক্রিকেটার।
এবারের দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, লিটন দাস, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি, সাব্বির রহমান, সৌম্য সরকার ।
ড্রাফটে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে সাকিব আল হাসানের । অন্য কোন বাংলাদেশী ক্রিকেটারের ভিত্তি মূল্য এখনো নির্ধারণ করা হয়নি । দ্যা হান্ড্রেডের গত আসরের ড্রাফটে সাকিব , তামিমদের নাম থাকলেও দল পাননি কেউই।
আগামী সোমবার (৪ এপ্রিল) দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে সরাসরি দেখা যাবে না এ ড্রাফট, এমনকি সাথে সাথে তথ্যও পাওয়া যাবে না। এক দিন পর মঙ্গলবার (৫ এপ্রিল) দল পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দলভুক্ত করা যাবে মোট ১৭ ক্রিকেটারকে। আগামী ৩ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে দ্য হান্ড্রেডের এবারের আসর।
যদিও আগস্ট-সেপ্টেম্বরে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট থাকায় এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের অনেককে পাওয়া যাবে না। এমনকি ঐ সময় বাংলাদেশেরও এশিয়া কাপের খেলা রয়েছে। তাই দল পেলেও সাকিব, তামিমদের অংশগ্রহণ নিয়ে নিশ্চয়তা দেওয়া দুরূহ হয়ে পড়বে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর চোখ থাকবে জাতীয় দলে নিয়মিত না থাকা ক্রিকেটারদের উপর ।
ড্রাফটে সাকিবের মত এক লাখ পাউন্ড মূল্য কুইন্টন ডি কক, জাই রিচার্ডসন ও আন্দ্রে রাসেলের। ৭৫ হাজার পাউন্ড মূল্যে আছেন মোহাম্মদ আমির, ডোয়াইন ব্রাভো, নাথান কোল্টার-নাইল, অ্যারন ফিঞ্চ, শাদাব খান, এভিন লুইস, রিলি মেরেডিথ, ডেভিড মিলার, হারিস রউফ, ইমরান তাহির ও মুজিব উর রহমান।
তবে সবচেয়ে বেশি মূল্য সোয়া এক লাখ পাউন্ড, যে মূল্যে ড্রাফটে আছেন বাবর আজম, ক্রিস গেইল, মিচেল মার্শ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, তাবরাইজ শামসি ও ডেভিড ওয়ার্নার।
