ম্যাচে উমেশ মার খেলেও আপত্তি নেই ম্যাককালামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ম্যাচ থেকেই বল হাতে দারুণ ছন্দে আছেন কলকাতার পেসার উমেশ যাদব। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। উমেশ তার দায়িত্ব ভালোভাবেই পালন করছেন বলে মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই কোচ। দলকে ব্রেক থ্রু এনে দিতে যদি খরুচে বোলিং করেন উমেশ, সেটাও মেনে নিতে প্রস্তুত ম্যাককালাম।

আইপিএলে এখন পর্যন্ত কলকাতার খেলা দুই ম্যাচে চার উইকেট নিয়েছেন উমেশ। চার ওভার করে বোলিং করে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ১৬ ও প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র ২০ রান খরচ করেছিলেন তিনি।

এখন পর্যন্ত খরুচে বোলিং না করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রান দেয়ার নজির আছে ৩৪ বছর বয়সী এই পেসারের। যদিও এসব নিয়ে চিন্তিত নন ম্যাককালাম। কলকাতার কোচ মনে করেন, উমেশের এমন আগ্রাসী মনোভাবই দলের বেশি প্রয়োজন।

ম্যাককালাম বলেন,”উমেশকে বলা হয়েছে উইকেট নিতে ক্রমাগত চেষ্টা করে যাওয়ার জন্যে। সে যদি কিছু রানও দিয়ে দেয় আমরা এটা নিয়ে চিন্তিত নই। আমরা আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে যেতে চাই। গত দুই ম্যাচে আমরা যা চেয়েছিলাম সে এর চাইতেও ভালো বোলিং করেছে। আমি জানি, সে তার ক্যারিয়ারের শেষের দিকে আছে। তবে সে এখনও দারুণ ফিট। সে আমাদের জন্য দারুণ এক সম্পদ। বিশেষ করে আসরের শুরুর দিকে, যখন বল সুইং করে এবং অনেক পেস থাকে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »