নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে ডেথ বোলার হিসেবে সুখ্যাতি আছে টাইমাল মিলসের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই পেসার জানালেন, ডেথ বোলিং একটু বেশিই উপভোগ করেন তিনি।
২০১৮ সাল থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬ থেকে ২০ ওভারের মাঝে বোলিং করে ৪২ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। এ সময়ে তার গড় ছিল ১৪.৮৩, ইকোনমি রেট আটের কম (৭.৭৮)।
ডেথ বোলিং প্রসঙ্গে মিলস বলেন,”ডেথ বোলিংয়ের জন্য অনেক বেশি মাইন্ডসেটের প্রয়োজন। কঠিন সময়ে বোলিং করাটা অনেক বেশি চাপের। আমি সেটাই উপভোগ করি। আমি জানি সবসময় আমি সফল হবো না। এসবের জন্য অনেক বেশি অনুশীলন করা লাগে। আমি যা চাইছেন সেটা যদি করে দেখাতে পারেন তাহলে আপনি অনেক আত্মবিশ্বাসী হবেন।”
মুম্বাই ইন্ডিয়ান্সের মিলসের সঙ্গে আছেন জসপ্রিত বুমরাহ। ভারতের এই পেসারের কাছ থেকে শেখার জন্যেও মুখিয়ে আছেন তিনি। ইতোমধ্যেই বুমরাহর সঙ্গে একটি ম্যাচ খেলে ফেলেছেন মিলস।
তিনি আরও বলেন,”বুমরাহর সঙ্গে বোলিং করার জন্য মুখিয়ে আছি। সে এই সময়ের অন্যতম সেরা একজন বোলার। আমি তার কাছ থেকে অনেক কিছুই সিখে নিতে চাই। আসর যতই এগিয়ে যাবে, আমরা ভালো জুটি গড়ে তুলতে চাই।”
