নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের ইনিংসের প্রথম ওভারের তিন নম্বর বলে আউট হতে পারতেন জস বাটলার। ভুবনেশ্বর কুমারের করা সেই বল নো বল হওয়ায় বেঁচে যান তিনি। পরে এই ইংলিশ ওপেনারের ব্যাটেই উড়ন্ত সূচনা পেয়েছে রাজস্থান। এরপর ইনিংসের প্রথম পাঁচ ওভারের মধ্যেই চারটি নো বল করেছেন সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা।
আর এই জায়গাতেই ম্যাচে পিছিয়ে পড়ে হায়দরাবাদ, এমনটাই বলেছেন টম মুডি।
যে কারণে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে হায়দরাবাদ।
সাদা-মাঠা বোলিংয়ের কারণেই হায়দরাবাদ ম্যাচ থেকে ছিটকে যায়। যেখানে বড় সমস্যা ছিল বোলারদের লাইন-লেন্থে ঘাটতি। বিশেষ করে এদিন বেশ কিছু নো বল এবং ওয়াইড বল করেছেন ভুবেনশ্বর-উমরান মালিকরা।
মুডি বলেন,”প্রথম পাঁচ ওভারের মধ্যে চারটি নো বল, একটি নো বলে উইকেট এবং একটি ক্যাচ ফেলে দেয়া এবং পুরো ইনিংসে ছয়টি ওয়াইড বল আমাদেরকে ম্যচ থেকে ছিটকে দিয়েছে।”
রাজস্থানের বিপক্ষে জস বাটলারকে যদি শুরুতেই ফেরাতে পারতো হায়দরাবাদ তাহলে ম্যাচের চিত্র ভিন্ন রকম হতে পারতো বলে বিশ্বাস মুডির।
হায়দরাবাদের প্রধান কোচ বলেন,”এই সংস্করণের ক্রিকেটে নো বল অগ্রহণযোগ্য। এটার জন্য আপনাকে চরম মাশুল গুণতে হবে এবং আমরা তা দিয়েছি। যখন আপনি ইনিংসের শুরুতেই তর্কসাপেক্ষে প্রতিপক্ষের সেরা ব্যাটারকে আউট করে দেবেন তখন আপনি এগিয়ে যাবেন।”
