নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট ব্যক্তিগত নয় দলীয় খেলা। যে কারণে একইভাবে দলের স্বার্থই আসে সবার আগে। যে কারণে অধিনায়কের দায়িত্ব পাওয়ার আগে মুমিনুল হকের সুযোগ ছিল নিজেকে নিয়ে ভাবার। তবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়ার পর মুমিনুলকে ভাবতে হয় গোটা দলটাকে নিয়েই।
টেস্ট দলের অন্যতম সেরা খেলয়া হওয়া সত্ত্বেও মুমিনুল তাই এখন একদমই ভাবেন না নিজের সাফল্য বা অর্জন নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সেরা ইনিংসটি তার। এবারের সিরিজে শতক চান কি না, এমন প্রশ্ন করা হয়েছিল কক্সবাজারের এই ক্রিকেটারকে।
জবাবে মুমিনুল বলেন,”ব্যক্তিগত অর্জন নিয়ে কিছু চিন্তা করছি না। প্রক্রিয়া যেন ঠিক রাখতে পারি। প্রক্রিয়া ঠিক রাখলে একশ-দেড়শ-দুইশ সব করতে পারি। দিনশেষে খেলাটা দলীয়। ফলাফল পক্ষে না এলে ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো লাভ নেই।”
ওয়ানডে দল যখন সিরিজ খেলছিল, টেস্ট ক্রিকেটাররা তখন কেপটাউনে ক্যাম্প করেছেন প্রখ্যাত কোচ গ্যারি কারস্টেনের একাডেমিতে। সেই একাডেমির দিনগুলো কেমন ছিল, জানিয়েছেন মুমিনুল।
তিনি বলেন,”ক্যাম্প খুবই ভালো ছিল। ৫-৬ জন ছিলাম, খুবই গুরুত্বের সাথে নিয়েছি। কীভাবে কন্ডিশন কাজে লাগানো যায়, কীভাবে ভবিষ্যতের জন্য শেখা যায় কারস্টেন ২-৩ দিন ছিল, ২-৩ দিনে কেউ কোনো ব্যাটারের খুব বড় পরিবর্তন এনে দিতে পারবে না। কন্ডিশন অনুযায়ী কীভাবে খেলতে হবে, বোলাররা কোন লেন্থে বল করবে, ব্যাটাররা কীভাবে ব্যাটিং করবে এসব ছোট ছোট জিনিস ভাগাভাগি করেছে।”
