নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ দল। যদিও বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, আরও ২-৩ বছর সংগ্রাম করে টেস্ট দলও পৌঁছাবে ওয়ানডে দলের মত বড় কাতারে।
টেস্টে এখনও নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে না পারলেও সাম্প্রতিক সময়ের কিছু সাফল্য দেখাচ্ছে আলোর পথ। মুমিনুল মনে করেন, ওয়ানডের মত শক্তপোক্ত অবস্থানে পৌঁছাতে আরও ২-৩ বছর সময় লাগবে।
তিনি বলেন,”টেস্ট ক্রিকেটে আরও ২-৩ বছর সংগ্রাম করতে হবে। ওয়ানডেতে আমরা খুব ভালো দল। কিন্তু টেস্টে আরেকটু সময় লাগবে, আরেকটু কষ্ট করতে হবে।”
পেস অ্যাটাক দিয়েই নিউজিল্যান্ডে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠা পেস বিভাগ নিয়ে দক্ষিণ আফ্রিকায় নিজের নতুন চ্যালেঞ্জ দেখছেন টেস্ট অধিনায়ক।
তিনি বলেন,”এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। সবাই জানে আমাদের পেস বোলিং এখন ভালো। একইসাথে ওদের চ্যালেঞ্জটাও নিতে হবে। এটার পেছনে অনেক সময় লেগেছে আমাদের, লম্বা সময় লেগেছে। খেলতে খেলতে আরও অভিজ্ঞ হবে ওরা, তখন আরও সহজ হবে।”
টেস্ট সিরিজ শুরুর আগে মুমিনুলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তামিম ইকবাল, তাসকিন আহমেদদের ফর্ম।
তিনি বলেন,”এখন তামিম ভাই আছেন। তার ভূমিকা আমার দলে খুব গুরুত্বপূর্ণ। দলের কাজ সহজ হল। তামিম ভাই আসলে টপ অর্ডারের কাজটা সহজ হয়ে যায়। বিশেষ করে দেশের বাইরের টেস্টগুলোতে। তাসকিন গত ১-২ বছর ধরে খুবই ভালো বল করছে। এই সিরিজেও আমরা ভালো কিছু করব বলে আশাবাদী।”
