নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির প্রথম ১০ টেস্ট খেলুড়ে দেশগুলোর সবার বিপক্ষে এমন অর্জন আসেনি বাংলাদেশের। তাই প্রতিপক্ষের মাটিতে তাদেরকে হারানোর মিশনে এখনও পূর্ণতা আসেনি। তিন ফরম্যাট মিলে নিজেদের ইতিহাসে কখনোই পাকিস্তান দলকে পাকিস্তানের মাটিতে এবং অস্ট্রেলিয়া দলকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাতে পারেননি টাইগাররা।
চলতি বছরের শুরু থেকেই যেন দুর্গ ভাঙার মিশনে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২১ বছরে নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে ৩২ ম্যাচে হারের গ্লানি সঙ্গী ছিল বাংলাদেশের। ৩৩তম বারের চেষ্টায় কিউই দুর্গ ভেঙেছিল টাইগাররা। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে মুমিনুল হকের দল।
এবার দক্ষিণ আফ্রিকা সফরেও ছিল একই সমীকরণ। গত ২০ বছরে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটে টানা ১৯ ম্যাচ হেরেছিল টাইগাররা। মাউন্ট মঙ্গানুইয়ের ইতিহাস প্রবল আত্মবিশ্বাস যুগিয়েছে বটে, তবে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকায় জয়ের খাতা খোলা যাবে, এমনটা অবিশ্বাস্য বলতেই হবে। এমন চিত্রকল্প হয়তো কেউই কল্পনা করেননি।
সেঞ্চুরিয়নে শুক্রবার পরম আরাধ্য জয়ের নাগাল পেয়ে যায় তামিম ইকবালের দল। দক্ষিণ আফ্রিকা দলকে তাদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলে প্রথমবার হারানোর গৌরব অর্জন করে বাংলাদেশ।
তবে আইসিসির প্রথম ১০ টেস্ট খেলুড়ে দেশগুলোর সবার বিপক্ষে এমন অর্জন আসেনি বাংলাদেশের। তাই প্রতিপক্ষের মাটিতে তাদেরকে হারানোর মিশনে এখনও পূর্ণতা আসেনি। তিন ফরম্যাট মিলে নিজেদের ইতিহাসে কখনোই পাকিস্তান দলকে পাকিস্তানের মাটিতে এবং অস্ট্রেলিয়া দলকে অস্ট্রেলিয়ার মাটিতে হারাতে পারেনি টাইগাররা। পাকিস্তানের মাটিতে কদাচিত্ খেলা হলেও ১৪ বছর আগে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। তাই সহসা বৃত্ত পূরণের উপলক্ষ্য পাচ্ছেন না তামিম-সাকিবরা।
হারারেতে ২০০৪ সালে ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে প্রথমবার হারিয়েছিল টাইগাররা। দেশটির মাটিতে সেটিই বাংলাদেশের প্রথম জয়। ২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টেস্টে হারায় বাংলাদেশ। হোম কন্ডিশনে টাইগারদের কাছে এটিই ছিল ক্যারিবিয়ানদের প্রথম হার। ২০১০ সালে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ব্রিস্টলে ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। পাল্লেকেলেতে ২০১৩ সালে প্রথমবার ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। ২০১৯ সালে দিল্লিতে ভারতও বাংলাদেশের শিকার তালিকায় যুক্ত হয়। টি-২০ তে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল রোহিত শর্মার দল।
