তাসকিনের অবদানকে আলাদাভাবে দেখছেন ইয়াসির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের দিনে বল হাতে অসাধারণ অবদান রেখেছেন তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতেই প্রোটিয়াদের চেপে ধরেন তিনি। আর তাই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ইয়াসির আলী রাব্বি।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে কাইল ভেরাইনি ও এইডেন মার্করামকে ফেরান তাসকিন। উইকেটরক্ষক ভেরাইনিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। তারপর ইনফর্ম ব্যাটার মার্করামকে বিদায় করেন শুন্য রানে। স্কোর বোর্ডে স্বাগতিকদের সংগ্রহ তখন ৩ উইকেটে ৩৬ রান। সেই ওভারেই জয়ের স্বপ্ন জোরালো হয় বাংলাদেশের।

ম্যাচ শেষে ইয়াসির বলেন,”করোনা মহামারীর শুরুর দিক থেকে তাসকিন নিজেকে বদলে ফেলেছে। সে ভালো ছন্দে আছে। আমাদের এই জয়ে সবাই অবদান রেখেছে, তবে তাসকিনের অবদান ছিল বিশেষ কিছু। সে একই ওভারে দুই উইকেট নিয়েছে। এটাই আমাদের ম্যাচে ফিরিয়েছে। আমাদের এটা উৎসাহিত করতে হবে।”

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৮ তম ওভারে আবারও আক্রমণে আসেন তাসকিন। এই ওভারের প্রথম বলেই র‍্যাসি ভ্যান ডার ডাসেনকে ফেরান তিনি। তবে এই উইকেটটিতে বাড়তি কৃতিত্ব দিতেই হবে ইয়াসিরকে। ম্যাচ শেষে ইয়াসির জানান, ডাসেন আর ডেভিড মিলারের জুটি ভাঙার দিকেই নজর ছিল পুরো দলের।

তিনি বলেন,”আমরা তখন দুশ্চিন্তা করছিলাম। কেননা ওদের জুটি বড় হচ্ছিল। তবে আমরা ওদের চাপে রাখছিলাম। তারা বাউন্ডারি হাঁকাচ্ছিল, তবে আমরাও ডট বল পাচ্ছিলাম। রান রেট বেড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই উইকেটে জয় পেতে হলে আমাদের বিশেষ কিছু করতে হবে। সুযোগ আসলে আমি করে দেখানোর প্রচেষ্টায় ছিলাম। সবাই ক্যাচটির প্রশংসা করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »