নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব জল্পনা-কল্পনার পরে দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন সাকিব আল হাসান। যদিও সফর নিশ্চিত হওয়ার পর আবার নতুন তথ্য ছড়ায় যে সবগুলো ম্যাচ খেলবেন না সাকিব। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আগামীকাল (১৮ মার্চ) বিকালে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। সংবাদ সম্মেলনের শুরুতেই তার কাছে প্রশ্ন রাখা হয় সাকিবের বিশ্রামের ব্যাপারে। তামিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিরিজের মাঝে সাকিবকে বিশ্রাম দেওয়ার কোনো নির্দেশনা তার কাছে আসেনি। তামিম জানান সিরিজে ভালো কিছু করার জন্য সাকিব মুখিয়ে আছেন।
তামিমের ভাষ্যমতে,”আমার কাছে এমন কোনো বার্তা নেই যে (সাকিবকে) বিশ্রাম দিতে হবে বা এমন কিছু। আমি জানি যে সে এখানে দলের সাথে আছে এবং খেলার জন্যও প্রস্তুত আছে। তার সাথে আমার ক্রিকেট নিয়েই সাধারণ আলাপ হয়েছে। সাকিবও আগামীকালের খেলার দিকেই তাকিয়ে আছে। সে চায় আমরা ভালো খেলি। আমি এবং দলের প্রতিটা খেলোয়াড়ই ভালো খেলতে চায়। সত্যি কথা বলতে, এছাড়া আমার কাছে অন্য কোনো তথ্য নেই।”
