নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজের একটি টেস্ট এখনও বাকি। এর আগেই হাঁপিয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার বোলাররা। তবুও পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নিজেদের সর্বোচ্চ ঢেলে দিতে প্রস্তুত প্যাট কামিন্সরা।
এই দুই টেস্টের পূর্ণ সময় ৫ দিন ধরে খেলেছে দুই দল। স্বাভাবিকভাবেই ক্লান্তি ভর করছে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর। দ্বিতীয় টেস্টে পাকিস্তানে দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে ১৭২ ওভার বোলিং করেছে অজিরা। ভিন্ন কন্ডিশনে স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েছেন তারা। যদিও ২১ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে সবটুকু নিঙরে দিতে চান কামিন্স।
তিনি বলেন,”পরের সপ্তাহে আমরা নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দেব। আমাদের হাতে এখনও চারদিন সময় আছে, এক দিন অতিরিক্ত। তাই পরের টেস্টের আগে আমরা নিজেদের গুছিয়ে নিতে পারব।”
বেঞ্চে থাকা তিন পেসার জস হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও মার্ক স্টিকিটি এবং আরেক স্পিনার অ্যাস্টন অ্যাগারের মধ্যে যে কেউ খেলতে পারেন পরবর্তী টেস্টে- এমনটাও ইঙ্গিত দিয়ে রেখেছেন কামিন্স।
তিনি আরও বলেন,”এখন পর্যন্ত সবাই ভালো আছে। ইনজুরির কোনো শঙ্কা নেই। আমরা জানি আরও অন্তত ১৫ দিন আমাদের থাকতে হবে। তাই আমরা শেষদিন নিজেদের একটু সতর্ক থেকে খেলেছি।অবশ্য আমাদের একাদশের বাইরেও ভালো রকমের শক্তিমত্তা আছে। আমি, স্টার্ক বা গ্রিন- প্রত্যেকের ২০ থেকে ৩৫ ওভার বোলিং করেছি। তাই আমাদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখতে হবে।”
