নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় ২ যুগ পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া। ঐতিহাসিক এই সফর ইতিমধ্যে সবার সমালোচনার বিষয় হয়ে দাড়িয়েছে।
প্রথম দুই টেস্টের উইকেট নিয়েই সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বিশ্বের অন্যান্যরাও সমালোচনায় মেতে উঠেছেন। অজি গণমাধ্যম তো গেল দুই টেস্টের উইকেটকে হাইওয়ে রাস্তার সাথে তুলনা করেছে। ইতিমধ্যে প্রথম টেস্টের ভেন্যুকে একটি ডিমোরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।
গদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট। নানামুখী সমালোচনার মুখে এবার ভাল উইকেট তৈরি করার জন্য আইসিসি অ্যাকাডেমির প্রাক্তন প্রধান পিচ প্রস্তুতকারক টবি লুমসডেনকে এনেছে পিসিবি। ১০ দিনের চুক্তিতে আসা টবি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। মেলবোর্ন ক্রিকেট মাঠে অনেক দিন ধরে পিচ তৈরি করা এই অভিজ্ঞ কিউরেটরের উপর ভরসা রাখছে পিসিবি।
তবে সাবেক পাকিস্তানি পেসার আকিব জাবেদ বলছেন কেন অত দূর যেতে হবে! পাশের দেশ ভারত থেকেই তো আনা যায় কিউরেটর। আকিব বলেন, ‘‘কেন অন্য কোথাও যাব? তার থেকে মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই থেকে পিচ প্রস্তুতকারকদের নিয়ে আসা উচিত। তাঁদের তৈরি পিচে যে ভাবে ভারতীয় স্পিনাররা দাপট দেখায় সে ভাবে পাকিস্তানেও পিচ তৈরি করা উচিত। আমি অবাক হই কেন এখনও পাকিস্তানে ঘূর্ণি উইকেট তৈরি হয় না। আমি পিসিবি-র কাছে অনুরোধ করব এই বিষয়ে পদক্ষেপ করার।’’
