আফ্রিকাকে হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবেঃ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারাতে হলে নিজেদের তিন বিভাগেই ভালো করার তাগিদ দিয়েছেন সাকিব আল হাসান। আফ্রিকার তারুণ্যনির্ভর এই দলকে এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্মৃতি থাকলেও নিজেদের মাটিতে দলটি অপ্রতিরোধ্য, তা স্পষ্ট প্রোটিয়াদের সাম্প্রতিক হোম সিরিজগুলোর ফলাফলে। সাকিব তাই কোনোভাবেই দক্ষিণ আফ্রিকার তরুণদের হালকাভাবে নিতে নারাজ।

তিনি বলেন,”নতুনভাবে দল হলেও এখন ভারসাম্যপূর্ণ দল হয়ে গেছে। হয়ত কিছু দিন আগে সংগ্রাম করছিল, কিন্তু ইদানীং টেস্ট ওয়ানডে সব ফরম্যাটেই পারফরম্যান্স খুবই ভালো। ওরা ইতোমধ্যে একটি ভারসাম্যপূর্ণ দল। যদি আমাদের জিততে হয়, খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।বিশেষ করে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হবে প্রোটিয়া সিরিজে।”

সাকিব আরো বলেন,”ভারতের সাথে সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে। তিনটা ম্যাচই তারা জিতেছে। আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং। আমাদের বোলিং ডিপার্টমেন্টকে অনেক ভালো করতে হবে। হোমে আমরা ভালো বোলিং করি কিন্তু অ্যাওয়ে সিরিজগুলোতে অনেক সংগ্রাম করতে হয়। শুধু স্পিনার না, ফাস্ট বোলারদের জন্যও চ্যালেঞ্জিং। ওয়ানডেতে নতুন বলে বোলাররা যদি উইকেট নিতে না পারে, স্পিনারদের জন্য আরও কঠিন হয়ে যাবে। একজন আরেকজনকে সাহায্য করতে পারলে ভালো ফলাফল সম্ভব। এখানে অনেক বেশি উন্নতির জায়গা আছে। একইসাথে ব্যাটিংও ভালো করতে হবে। বড় মাঠে ফিল্ডিংও অনেক সময় বাজে হয়। তিন বিভাগেই অনেক ভালো করতে হবে, ওদের সাথে ভালো করতে হলে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »