নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী পাকিস্তানকে ৯ রানে হারিয়ে, নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের স্বাদ নিয়েছে বাংলার মেয়েরা।
হ্যামিল্টনে চলতি আসরের ১২তম ম্যাচে আজ (সোমবার) শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাঘিনীরা। উক্ত ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে শামিমা-শারমিন মিলে দলের স্কোরবোর্ডে যোগ করেন ৩৭ রান। ৮ম ওভারে শামিমা (১৭) ফিরে গেলে, তিনে ব্যাট করতে আসা ফারজানা হককে সঙ্গে নিয়ে, রানের চাকা সচল রেখেছিলেন শারমিন। ৩য় উইকেট জুটিতে এই দু’জন গড়েন ৪২ রানের জুটি। অর্ধশতক থেকে মাত্র ৬ রানে দূরত্বে শারমিন যখন আউট হয়ে ফিরে যান, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ছিল ৭৯ রান।
৪র্থ উইকেট জুটিতে ফারজানা-নিগারের ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়ে দেয় ম্যাচের ব্যবধান! ৪ রানের জন্য হাফ-সেঞ্চুরি বঞ্চিত হয়ে কাপ্তান নিগার সুলতানা জ্যোতি (৪৬) যখন ফিরে যান তখন টাইগারদের রানের খাতায় ১৭৫ রান।
শারমিন-নিগার খুব কাছাকাছি গিয়েও অর্ধশতক হাতছাড়া করলেও, ব্যাট হাতে দাপুটে অর্ধশতক তুলে নিয়েছে ফারজানা। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে দলের স্কোরবোর্ডে তুলে দিয়ে গেছেন ৭১ রানের কার্যকরী একটি ইনিংস।
টপ অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং ও শেষদিকে রুমানার (১৬), রিতু মনি (১১) ও সালমা খাতুনের (১১) এর উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের পূঁজি দাঁড় করায় বাংলার মেয়েরা।
জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে
ওপেনার সিদ্রা আমিনের সেঞ্চুরিও ম্যাচ জেতাতে পারেনি পাকিস্তানকে। বাংলার বাঘিনীদের বিধ্বংসী বোলিংয়ের কাছে হার মানতে হয়েছে পাকিস্তানি মেয়েদের। ফাহিমা-রুমানাদের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। যার ফলে হ্যামিল্টনে ইতিহাস গড়ে ৯ রানের জয় দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেয় জ্যোতি বাহিনী।
