নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন, দক্ষিণ আফ্রিকা সফরে একটি ওয়ানডে জিততে পারলেও তা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে গণ্য হবে। আফ্রিকার মাটিতে কখনও জিততে না পারলেও এবার প্রথম জয়ের জন্য মুখিয়ে আছেন সাকিব।
দলের বাকি সদস্যরা দক্ষিণ আফ্রিকা উড়াল দিলেও সাকিব দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়লেন আজ রবিবার (১৩ মার্চ)। বিমানে ওঠার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়ানডে সিরিজে অন্তত একটি ম্যাচ জয়ের আশা ব্যক্ত করেন সাকিব।
তিনি বলেন,”প্রত্যাশা থাকবে যেন জিততে পারি। সিরিজ জিততে পারলে খুবই ভালো। একটা ম্যাচ জিততে পারলেও আমি মনে করি খুব ভালো অর্জন হবে। আমার ধারণা পুরো দলেরই একইরকম লক্ষ্য থাকবে এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিব।”
দক্ষিণ আফ্রিকায় দলের অতীত ইতিহাসের দিকে না তাকিয়ে এবার নতুন ইতিহাস রচনায় মনোযোগ সাকিবের।
তিনি জানান,”যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি সেটাও ভালো ফলাফল। কতটুকু আছে সেটা গুরুত্বপূর্ণ না। কতটুকু করতে পারব সেটাই গুরুত্বপূর্ণ। দলীয় ও ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু আমরা কেউই বোধহয় করতে পারিনি আশানুরূপভাবে। এটা পরিবর্তন করার একটা সুযোগ আমাদের সামনে। সেটাই আমরা চেষ্টা করব। তবে ব্যক্তিগত প্রত্যাশা কখনও ছিল না, এখনও নেই।”
