নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরোয়া টুর্নামেন্টের আগেই বড় লক্ষ্য থাকে নাসির হোসেনের। এর আগে একবার জাতীয় লিগে ১ হাজার রান করতে চেয়ে আলোচনাও কুড়িয়েছিলেন। সেই নাসির এবার আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শীর্ষ রান সংগ্রাহক হতে চান।
নাসির ডিপিএলে নতুন করে শুরু করতে চান সবকিছু। সেক্ষেত্রে ব্যক্তিগত লক্ষ্যও আছে তার। তবে ডিপিএলের মত মঞ্চের কঠিন প্রতিদ্বন্দ্বিতাটাও আমলে রেখেছেন।
তিনি বলেন,”প্রিমিয়ার লিগ ভিন্ন টুর্নামেন্ট। অনেক বড় বড় খেলোয়াড় এসেও এখানে তেমন রান করতে পারে না। এখানে প্রত্যাশা থাকে, চাপ থাকে। আমিও পারফর্ম করতে চাই, শীর্ষ রান সংগ্রাহক হতে চাই। এটা তো আছেই। তবে অনেক সময় চাইলেও অনেক কিছু হয় না।”
নাসিরের দ্বিতীয় লক্ষ্য দলের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী খেলা। চোটের কারণে বিপিএলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট এই ক্রিকেটার পারফরম্যান্স দিয়েই নিজের নামের প্রতি সুবিচার করতে চান।
তিনি জানান,”ঘরোয়া লিগে আগের নাসির হোসেনকে পাচ্ছেন না বললে ভুল হবে। আমি কিন্তু গত এনসিএলে খুব একটা খারাপ খেলিনি। হ্যাঁ, বিপিএল খেলিনি। আমি ইঞ্জুরিতে ছিলাম এজন্য খেলিনি, এটা অনেকেই জানত। আল্লাহর রহমতে আশি ভাগ সেরে উঠেছি। নাম ধরে রাখার জন্য আপনার সুযোগ দরকার আছে। সেই সুযোগ যদি না আসে… খেলতেই যদি না পারেন তাহলে তো নাম থাকবে না।”
