মিঠুন-রাজাদের হারিয়ে হতাশ সালাহউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দলটিতে রয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের তারকা ক্রিকেটার। এবার প্রধান কোচের দায়িত্ব রয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

শক্তিশালী দল গড়েও হতাশ দলটির এই তারকা কোচ। দক্ষিণ আফ্রিকা সফরের মূল দলে না থাকলেও অতিরিক্ত ক্রিকেটার হিসেবে মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজাকে দলের সঙ্গে নিয়ে গেছে বাংলাদেশ। দুজনেরই খেলার কথা ছিল প্রাইম ব্যাংকের হয়ে।
বিষয়টি ভালোভাবে নেননি সালাহউদ্দিন। মোট ৭ জন মূল ক্রিকেটার ছাড়া একাদশ দাঁড় করানোই অনেক কঠিন হবে বলে মনে করেন সালাহউদ্দিন।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেছেন,”টিমরা জানতো যে টেস্ট ক্রিকেটাররা যাবে, সেভাবেই সবাই টিম করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে মনে হয়েছে যে এই দলের সঙ্গে আমাদের দুইটা খেলোয়াড় নিয়ে গেছে যারা স্কোয়াডে নেই। ওয়ানডে দলেও নেই, টেস্ট দলেও নেই। মিঠুন এবং রাজা। আমাদের ৫ জন খেলোয়াড় নাই, এর মধ্যে আবার যদি ২ জন চলে যায় তাহলে আমাদের টিম দাড় করানোটা অনেক কঠিন হয়ে যায়। তারা যদি খেলতে যেত, আমার কাছে মনে হয় ব্যাপারটা ঠিক ছিল।”

অন্য দলের কোনো ক্রিকেটারকে অতিরিক্ত হিসেবে নিয়ে যাওয়া হয়নি। এরমধ্যে অন্যরকম কিছুর আভাস দেখছেন ঘরোয়া ক্রিকেটের এই সফল কোচ।

তিনি বলেন,”তারা তো স্কোয়াডে নাই, শুধু অনুশীলন করতে গেছে। অন্য দলেরও কিন্তু ক্রিকেটাররা ছিল, তাদেরকে নেওয়া হয়নি। শুধু প্রাইম ব্যাংকের দুই জন চলে গেছে। তো ব্যাপারটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগেনি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »