নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এখন থেকে ক্রিকেটারদের ছুটি ও বিশ্রামের সিদ্ধান্ত নিবে বিসিবি। কোন ক্রিকেটারের ব্যক্তিগত সমস্যা থাকলে দল ঘোষণার আগেই তা জানাতে হবে বিসিবিকে।
বেশ জলঘোলার পর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হয়েছেন সাকিব। যদিও মাত্র কিছু দিন আগে তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন। যখন সাকিব ছুটি নিয়েছেন বা চেয়েছেন, ততক্ষণে দলও ঘোষণা করা হয়ে গেছে। বিসিবির সাথে মিটিং শেষে এবার সাকিব জানালেন, তার ছুটি এবং বিশ্রামের সিদ্ধান্ত এখন থেকে নিবে বিসিবি।
সাকিব বলেন, ‘পাপন ভাইর সাথে গত পরশু রাতেও, কালও, আজও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সবসময় সিদ্ধান্ত নেবে, কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরী কিংবা দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই এটা হবে। তো আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও এভেইলেবল।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ধকল সামলাতে ক্রিকেটাররা ছুটি নিতে পারেন, তবে এ ব্যাপারে আগে বোর্ডকে অবহিত করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে বোর্ড। পাপন বলেন, ‘সিনিয়র ক্রিকেটারদের ওপর কিন্তু অনেক চাপ। আমাদের এ বছর ১৪টা ওয়ানডে, ১৫টা টি-টোয়েন্টি, ৮টা টেস্ট আছে। টানা এত খেলা তাদের জন্য আসলেই অসুবিধার। এটা আমাদেরকে বুঝতে হবে। যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চায়, তাহলে আগে আগে বলে দিবে। কিন্তু সিরিজের আগমুহূর্তে বললে আমাদের জন্য বিরাট সমস্যা।’
