নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে নিয়মিত খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফি ভক্তদের আক্ষেপের অবসান হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে।
ডিপিএলের মাধ্যমে আবারও মাঠে ফিরছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি। ডিপিএলের এবারের মৌসুমে মাশরাফি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।
দলবদলে রূপগঞ্জে জায়গা করে নিলেও মাশরাফিকে নিয়ে খানিক শঙ্কা ছিল। কোমরের চিকিৎসা নিতে মাশরাফি গিয়েছিলেন ভারতে। তবে এ মুহূর্তে অস্ত্রোপচার লাগছে না, নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। ভারতের চিকিৎসকরা মাশরাফিকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে বলেছেন। তাই ডিপিএলেও অংশ নিতে পারবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন,”গত তিন দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার ও ফিজিওর সঙ্গে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম। হয়ত পরে কোনো একসময় দেখা যাবে। আবারও সেই পুনর্বাসন শুরু। এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে। বাকিটা আল্লাহ ভরসা।”
ডিপিএলে অংশ নেওয়ার বিষয়টি খোলাসা করে মাশরাফি আরও লিখেছেন,”লিজেন্ডস অব রূপগঞ্জ, ইনশাআল্লাহ মাঠে দেখা হবে।”
