পাকিস্তানের সুবিধার্থে এমন পিচ বানানো হয়েছেঃ রমিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের ক্রিকেটারদের সুবিধার জন্যই রাওয়ালপিন্ডি টেস্টে ‘মরা’ উইকেট বানানো হয়েছিল, স্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। যে কারণে তুমুল সমালোচনার মুখে ভবিষ্যতে উইকেটগুলোর উন্নতি করার আশ্বাস দিয়েছেন তিনি।

পুরো ম্যাচে মাত্র ১৪ উইকেটের পতন ঘটেছে। ব্যাটাররা দাপট দেখিয়েছেন পাঁচটি দিনেই। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয় ক্রিকেট দুনিয়ায়। সফরকারী অজিরাও জানায় অসন্তোষ।

এত শোরগোলের পর আর চুপ থাকেননি পিসিবি প্রধান রমিজ। এক ভিডিও বার্তায় তিনি বলেন,”ম্যাচ চলাকালীন আমাদের উৎস সীমিত ছিল। আমাদের কিছু খেলোয়াড়ের চোট হয়েছিল এবং আমাদের কাছে নতুন ওপেনার ছিল। পিচ কোন জাদুর কাঠি নয়। আমাদের কৌশল নিয়ে খেলতে হবে। আমাদের কৌশল হচ্ছে পিচে বাউন্স কমানো। স্পিনারদের সহায়ক করা। লো বাউন্স পিচে ব্যাট করা ভালো।”

প্রথম টেস্টের এমন ম্যাড়মেড়ে ড্র যে সবাইকে হতাশ করেছে, তা বুঝতে পারছেন রমিজ।

তিনি বলেন,”ভক্তরা যে হতাশা হয়েছেন তা বুঝতে পারছি। প্রথম টেস্টের ফলাফল এলে ভালো হতো। তবে এটি তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং আমি মনে করি এখনও অনেক ক্রিকেট বাকি আছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »