সাইফউদ্দিন-রাহীদের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কারণ জানালেন নান্নু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহীরা। যদিও এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন দুজনই। সাইফউদ্দিন দীর্ঘদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়ছেন। আর রাহী পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সাইফউদ্দিন ইনজুরি থেকে সেরে উঠলে আবারও তাকে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নান্নু বলেন,”সাইফউদ্দিন ইনজুরিতে আছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইনজুরিতে আছে লম্বা সময়। বোর্ড ওকে নিয়ে যথেষ্ট সময় দিচ্ছে। লন্ডন থেকে চিকিৎসক দেখিয়ে আনা হয়েছে।”

সাইফউদ্দিন এখন থেকে প্রস্তুত করছেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য। এই টুর্নামেন্টে ভালো করে সাইফউদ্দিন আবারও জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক।

তিনি বলেন,”এখন ইতিবাচক দিক হলো যে সুস্থ হচ্ছে এবং প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য প্রস্তুত হচ্ছে। যখনই খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য ওকে পাওয়া যাবে, তখন চুক্তিতও আনব।”

সাইফউদ্দিন জাতীয় দলের বাইরে থাকলেও রাহী দলের সঙ্গেই আছেন। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফর্ম ফিরলে রাহীকে আবারও কেন্দ্রীয় চুক্তিতে নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন,”রাহি (আবু জায়েদ) অনেক দিন থেকে রেগুলার হতে পারছে না। ওকে তাই এবারের চুক্তির বাইরে রেখেছি। যদি আবার রেগুলার হয়ে যায়, তাহলে বলব চুক্তিতে নিয়ে আসতে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »