নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ ঘরোয়া ক্রিকেটের লাল বলে দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ মিঠুন। তবে সেই পারফরম্যান্সের পরও টেস্ট দলে ফেরা হয়নি তার। তবে এ নিয়ে কোনো আফসোস নেই মিঠুনের।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট দল কেপটাউনে ক্যাম্প করবে। স্কোয়াডে না থাকলেও সেই ক্যাম্পে থাকার সুযোগ হয়েছে মিঠুনের। ব্যাটিং কোচ জেমি সিডন্সের চাওয়ায় সেই ক্যাম্পে ডাকা হয়েছে নাঈম শেখ ও রেজাউর রহমান রাজাকেও। ক্যাম্পে ডাক পেয়েই মিঠুন নিজেকে ভাগ্যবান ভাবছেন। জাতীয় দলের দরজা না খোলায় কোনো আফসোস নেই তার।
তিনি বলেন,”আমি কখনও আফসোস করি না। এখন আমার পুরো মনোযোগ ক্যাম্পের দিকে। তারপর কী আসবে সেটা তো আমি জানি না। যদি সুযোগ আসে চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে কাজে লাগানোর।”
কেপটাউনের ক্যাম্পে গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন করবেন ক্রিকেটাররা। যে কারণে কারস্টেনের একাডেমি থেকে সম্ভাব্য সেরা অর্জন নিয়ে ফিরতে চান মিঠুন।
তিনি বলেন,”হয়ত আমি ভাগ্যবান। আমি আসলে জানি না সুযোগটা কোথা থেকে এসেছে। চেষ্টা করব সেরা অর্জন নিয়ে নিজেকে কীভাবে আরও ভালো করতে পারি, উন্নতি করতে পারি। গ্যারি কারস্টেন তো অনেক বড় নাম। বাইরে থেকে যতটুকু শুনেছি, খেলোয়াড়দের সাথে তার অন্তরঙ্গতা ভালো।”
