নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করাচি টেস্টে অভিষেক হতে পারে মিচেল সোয়েপসনের। ২৮ বছর বয়সী এই লেগ-স্পিনারের অভিষেকের ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। করাচিতে তুলনামূলক স্লো উইকেটের প্রত্যাশা করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
আর এ কারণেই নিয়মিত স্পিনার নাথান লায়নের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে মাঠে নামতে পারেন সোয়েপসন। আর এই লেগ-স্পিনারকে দলে জায়গা করে দিতে বাদ পড়তে হতে পারে মিচেল স্টার্ক বা জস হ্যাজেলউডকে।
১২ মার্চ অনুষ্ঠেয় টেস্ট ম্যাচটি নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে কামিন্স বলেন,”করাচি বা লাহোরে আমরা হয়তো দ্বিতীয় স্পিনার নিয়ে পরিকল্পনা সাজাতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।”
অস্ট্রেলিয়া অবশ্য ড্র হওয়া ম্যাচটি নিয়ে আর ভাবছে না। অবশিষ্ট করাচি ও লাহোর টেস্ট নিয়েই পুরোপুরি মনোযোগ কামিন্সবাহিনীর। রাওয়ালপিন্ডিতে ব্যাটাররা রান পাওয়ায় আত্মবিশ্বাসী কামিন্স।
তিনি আরও বলেন,”প্রত্যেকেই খেলার মধ্যে আছে। সব ব্যাটার রান পেয়েছে। পরের ম্যাচে আমরা ফুরফুরে মেজাজ নিয়েই মাঠে নামছি।”
