বগুড়ায় আফ্রিকা সফরের ‘ভালো প্রস্তুতি’ দেখছেন সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশের পরবর্তী বিদেশী সিরিজ দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে টাইগাররা খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট। নিউজিল্যান্ডকে হারানোর পর টেস্ট দল নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট দল তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে।

বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করছেন বহুল আলোচিত ছায়া দল বাংলাদেশ টাইগার্স। টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম জানালেন, বগুড়ার উইকেটে খেলে দক্ষিণ আফ্রিকা সফরের ভালো প্রস্তুতি সম্ভব।

তিনি বলেন,”সকালে উইকেটে আর্দ্রতা থাকে। ওভাবেই প্রস্তুত করছে সবাই যেন ঐ অনুযায়ী ব্যাটিং করতে পারি। যদি ধারাবাহিকভাবে এখানে কয়দিন অনুশীলন করা যায়, আশা করি দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং করার ক্ষেত্রে অনেক উপকৃত হবে সবাই।”

সাদমানের বিশ্বাস, মানসিকতার দিক দিয়ে টেস্টে যেসব সমস্যার সম্মুখীন হত বাংলাদেশ তা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব। মানসিকতার পাশাপাশি স্কিলেও দিচ্ছেন গুরুত্ব। ক্যাম্পে নিজের স্কিল আরও সমৃদ্ধ করার প্রত্যাশা তার।

সাদমানের ভাষায়,”এখন তো আমরা আগের চেয়ে টেস্ট ক্রিকেট খুব ভালো খেলছি। যদি আরও কিছু টেস্ট এরকম ভালো খেলতে পারি, তাহলে টেস্টে যে মানসিক সমস্যার সম্মুখীন হই তা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারব। আমি স্কিল নিয়ে কিছু কাজ করছিলাম। যতদিন ক্যাম্প চলবে, ততদিন স্কিলের উন্নতিটা যতদূর এগিয়ে নেওয়া যায়।”

টেস্ট দলে নেই কিন্তু জাতীয় দলের রাডারে আছেন, এমন ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে। তাদের প্রতিনিধি হয়ে সাদমান ছায়া দল গঠনের প্রশংসা করলেন উচ্ছ্বাস নিয়ে।

সাদমান বলেন,”সামনে অনেক সিরিজ আছে, এখনও একটা সিরিজ চলছে। সামনে প্রিমিয়ার লিগও আছে। খেলোয়াড়দের এভাবে তৈরি রাখার জন্য ক্যাম্পটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জন্য খুবই ভালো হবে। সবাই তো স্কিল নিয়ে কাজ করবে। আশা করি ভালো উন্নতি হবে। সবাই সবার স্কিল নিয়ে কাজ করছে। এরকম ক্যাম্প এইচপি আগেও করেছি। প্রতি বছরই এইচপি ক্যাম্প হয়। এইচপির পর যারা থাকে বা এইচপিতে থাকে না তাদের জন্য এটা খুব ভালো হবে। সবসময় অনুশীলনে থাকার জন্য এটা অনেক ভালো। এখান থেকে অনেক ভালো খেলোয়াড় বের হয়ে আসতে পারবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »