নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সাকিব তামিমদের সাবেক হেড কোচ জেমি সিডন্স। বাংলাদেশে আসার পরে এই একমাস মোটামুটি মিডিয়ার আড়ালেই ছিলেন জেমি। অবশেষে আজ মিডিয়ার মুখোমুখি হলেন জেমি সিডন্স। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে জেমি বলেন টি২০ দিয়েই ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান তিনি।
টি-টোয়েন্টি সংস্করণে অসাধারণ পারফর্ম করা ব্যাটারদের নিয়েই ২০২৩ বিশ্বকাপের ওয়ানডে দল সাজাতে চান জেমি সিডন্স। ২০২৩ বিশ্বকাপ ভারতে হওয়ায় ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা করছেন এই অস্ট্রেলিয়ান। আর তাই টি-টোয়েন্টির সেরা ব্যাটারদের দিকেই নজর তার।এই বছরের শেষভাগে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের সেই বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টিতে নিজেদের গুছিয়ে নিতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
আর টি-টোয়েন্টি দল গোছানো হয়ে গেলে সহজেই ওয়ানডে দলের ব্যাটিং লাইনআপ সাজানোর পরিকল্পনা করছেন জেমি। তিনি বলেন, ‘আমরা যে ম্যাচই খেলি না আমাদের লক্ষ্য থাকবে প্রত্যকটা ম্যাচ জেতা। এটা হতে পারে ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট। কিন্তু এই মুহুর্তে আমাদের মনযোগের বড় একটা অংশ টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে, সবারও তাই রয়েছে। আমার মনযোগ থাকবে বিশ্বকাপের দিকে।’আমরা যদি অক্টোবর নভেম্বরের মধ্যে বেশ কজন ভালো টি-টোয়েন্টি ক্রিকেটার পাই তাহলে দিন শেষে আমরা ভারতে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালো একটা দল পাবো। আমরা জানি ভারতে বিশ্বকাপ জিততে হলে বা ভালো করতে হলে আমাদের বড় সংগ্রহ দাঁড় করাতে হবে।’
ভারত বিশ্বকাপে ম্যাচ জিততে হলে প্রতি ম্যাচেই তিন শতাধিক রান করতে হবে বলে মনে করেন সিডন্স, ‘২৬০-২৭০ রান করে আমরা কিছুই করতে পারব না, আমাদের কমপক্ষে ৩২০ এর ওপরে রান করতে হবে।’
সিডন্স আরও বলেন, ‘আমি দল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করতে চাই না। তবে আমার হাতে যে কজন ব্যাটার রয়েছে তাদের নিয়েই কাজ করতে চাই। অবশ্যই টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আমার হাতে হাতে বেশ কজন ব্যাটারের তালিকাও রয়েছে।”কে দলে থাকবে না থাকবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি যেই সব ছেলেদের নিয়ে কাজ করতে চাই যারা টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে চায়।’
