নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ সাত মাস পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে, আবারো ওয়ানডে ফরম্যাটে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে, সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম ওয়ানডে’তে, টসে জিতে আগে ব্যাট করে, অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত অর্ধশতকের উপর ভর করে, বাংলাদেশকে জয়ের জন্য ২১৬ রানের মাঝারি লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে আফগানরা।
চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, সিরিজের প্রথম ওয়ানডে’তে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান কাপ্তান হাসমাতউল্লাহ শাহেদী। টসে জিতে আগে ব্যাট করতে নেমে, স্কোরবোর্ডে ১১ রান তুলতেই রহমতুল্লাহ গুরবাজের উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। মোস্তাফিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে, উড়িয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে, তামিমের তালুবন্দি হয়ে ফিরে যান তিনি। শুরুর দিকে নির্ভরযোগ্য গুরবাজকে হারানোর প্রাথমিক ধাক্কা সামলে নেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ৩য় উইকেট জুটিতে এই দু’জন মিলে দলের রানের খাতায় যুক্ত করেন আরো ৪৫ রান।
১৩.২ ওভারে শরিফুলের দারুণ সুইংয়ে পরাস্ত হয়ে, স্লিপে অভিষিক্ত ইয়াসির আলীর ক্যাচে পরিণত হয়ে ইব্রাহিম জাদরান (১৯) ফিরে গেলে ভেঙ্গে যায় ৪৫ রানের এই জুটি।
এরপর রহমত শাহকে সঙ্গে নিয়ে কাপ্তান হাসমাতউল্লাহ শাহেদি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। দলীয় ৭৯ রানে তাসকিনের প্রথম শিকারে পরিনত হয়ে রহমত শাহ (৩৪) ফিরে গেলে ২৩ রানেই থমকে যায় এই জুটি।
৫ম উইকেট জুটিতে নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে আবারো প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক হাসমাতউল্লাহ শাহেদী। অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরো ২৩ রান যোগ করতেই, মাহমুদউল্লাহর বলে উইকেটের পিছনে মুশফিকের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নে ফিরে যান হাসমাতউল্লাহ শাহেদী (২৮)।
১০২ রানে টপ-অর্ডারের প্রথম সারীর ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ধুকতে থাকা আফগানদের, ম্যাচে ফেরানোর গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নাবী।
৬ষ্ঠ উইকেট জুটিতে এই দু’জন মিলে গড়েন ৬৩ রানের কার্যকরী একটি জুটি। দলীয় ১৬৫ রানের মাথায়, নাবীর (২০) বিদায়ের পর গুলবাদিন নাইবকে নিয়ে ২৯ রানের আরো একটি কর্যকরি জুটি গড়েন নাজিবুল্লাহ। গুলবাদিনের (১৯) বিদায়ের পর একপ্রান্ত আগলে রেখে নাজিবুল্লাহ জাদরান লড়াই করে গেলেও, যোগ্য সঙ্গীর অভাবে বেশিদূর যাওয়া হয়নি জাদরানের।
শেষ অব্দি নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত অর্ধশতকের উপর ভর করে, নির্ধারিত ওভারের ৫ বল বাকী থাকতেই (৪৯.১) ২১৫ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান আসে নাজিবুল্লাহর জাদরানের ব্যাট থেকে। এছাড়া রহমত শাহ ৩৪ ও হাসমাতউল্লাহ শাহেদীর ব্যাট চড়ে আসে আরো ২৮ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে মোস্তাফিজের শিকার সর্বাধিক ৩ উইকেট। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল, প্রত্যেকের শিকার দুটো করে উইকেট।
ঘরের মাঠে চলতি বছরের প্রথম ওয়ানডে ম্যাচে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামবে তামিম বাহিনী।
