কুমিল্লাকে আরও একবার ‘শিরোপা’ জেতাতে চাইঃ ইমরুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৯ সালের বিপিএলে কুমিল্লাকে শিরোপা জেতানো অধিনায়ক ইমরুল কায়েস আবারও কুমিল্লাকে শিরোপা জেতাতে চান।

এবারের বিপিএলেও কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল। তাঁর অধীনে আরও একবার ফাইনালে উঠেছে কুমিল্লা। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি জানালেন আগের দুবার যে প্রসেস ছিল এবারো একই প্রসেসে এগোতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অধিনায়ক।

তিনি বলেন,”হ্যাঁ অবশ্যই (ফাইনালে অপরাজিত) । কুমিল্লা আগে দু’বার ফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছি আগামীকালের ম্যাচে একই প্রসেসে যাব। আমরা প্রথম কোয়ালিফায়ার যখন হেরে যাই তখন চিন্তিত ছিলাম যে আমরা কি করব, না করব। কিন্তু গতকাল যেভাবে কামব্যাক করেছে সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইন শাহ আল্লাহ্‌ কাল ভালো কিছু হবে।”

ইমরুলের হাতে এবার শিরোপা উঠলে মাশরাফির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে দু’বার শিরোপা জিতবেন তিনি। তবে আগাম কিছু বলতে চাচ্ছেন না ইমরুল। বরং ফাইনাল জিততে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন,”তা বলতে পারব না। কিন্তু আগে চ্যাম্পিয়ন হই তারপর দেখা যাবে। আসলে মাশরাফি ভাই অনেক বড় ক্রিকেটার। সে চারবার চ্যাম্পিয়ন হয়েছে। আমি বলব এটা অনেক বড় অর্জন। কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করেছি যদি আরেকবার করতে পারি তাহলে নিজেকে ভাগ্যবান মনে করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »