নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)। এবারের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তার আগে আজ (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ফাইনালের ফটোসেশন।
ফাইনালের ফটোসেশন শেষে দুই দলের অধিনায়ক ট্রফি নিয়ে ছবি তোলেন, মুখোমুখি হন গণমাধ্যমের। তবে ফটোসেশনে দেখা মিলল না সাকিব আল হাসানের। ফরচুন বরিশালের অধিনায়কের পরিবর্তে ফটোসেশনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। জানা যায় ফাইনালের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন অধিনায়ক সাকিব।
এ কারণে ফটোসেশন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে সহ-অধিনায়ক সোহানকে। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে অবশ্য ফাইনালে পাওয়ার প্রত্যাশা বরিশালের। সোহান জানান, ফাইনাল ম্যাচে সাকিবের নেতৃত্বেই ফরচুন বরিশাল মাঠে নামার কথা রয়েছে।
তিনি বলেন,”সাকিব ভাই আসতে পারেনি। যার কারণে আমি আসা। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে উনি জিমে ছিলেন। (সাকিব ফাইনালের বিবেচনায় আছেন কি না) ইনশাআল্লাহ্, আশা করি।”
