সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে আমাদেরঃ সালাহউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জুড়েই নিজের অধিনায়কত্বের ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান। ম্যাচের বোলিং পরিবর্তন, ব্যাটার বুঝে ফিল্ডিং সাজানো সবকিছুতেই চমক দেখিয়েছেন তিনি। একইসঙ্গে ব্যাটে-বলেও দুর্দান্ত ফর্মে আছেন এই অলরাউন্ডার।

আগামীকাল শুক্রবার বিপিএলের ফাইনালে সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে সাকিবের মস্তিষ্কের সঙ্গে খেলতে হবে বলে জানিয়েছেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি মনে করেন বরিশালের শক্তিমত্তার মূলে রয়েছে সাকিবের সাবলীল অধিনায়কত্ব।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন,”আমার কাছে মনে হয় বরিশালের যে শক্তিমত্তা সেটা সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। আমার মনে হয় সে খুবই ভালো অধিনায়কত্ব করছে তার সামর্থ্য যতটা সেটাই কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং ডিপার্টমেন্ট কারণ তারা চারটি-পাঁচটি ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে।”

সাকিব মাঠের মধ্যে ব্যাটারদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নামেন। সাকিবের পরিকল্পনা বিফলে গেলেই এই ম্যাচে জেতা সম্ভব বলে মনে করেন সালাহউদ্দিন।

তিনি বলেন,”বোঝাই যাচ্ছে তারা খুব পরিকল্পনা করে এগোচ্ছে। এই কারণে আমি বলবো আমাদের সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে। অনেক সময় যে ট্রিক্সগুলো করে সেটা আসলে ব্যাটাররা বুঝতে পারে না। সেটা যদি ওভারকাম করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »