শ্রীলঙ্কা সিরিজের কারণে সাকিব আইপিএলে দল পায়নিঃ শিশির

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয়নি কোন দল। এ নিয়ে রীতিমত ঝড় বয়ে যাচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে সাকিবের স্ত্রী শিশির জানালেন, জাতীয় দলের খেলার কারণে সাকিব দল পাননি আইপিএলে।

আইপিএল চলাকালে বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। মার্চে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজ। এরপর টেস্ট সিরিজ শেষ হতে হতে শুরু হয়ে যাবে আইপিএল। আবার আইপিএলের শেষাংশে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত নিলেও শ্রীলঙ্কা সিরিজে অংশ নেওয়ার কথা ছিল। এতে পুরো মৌসুমে তাকে পেত না আইপিএলের দলগুলো। এ কারণেই তাকে কোনো দল কেনেনি, এমন দাবি শিশিরের।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন,”খুব বেশি উত্তেজিত হওয়ার আগে শুনুন, নিলামের আগেই একাধিক দল তার সাথে যোগাযোগ করেছিল, জানতে চেয়েছিল সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। তবে দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে সে পুরো মৌসুমে খেলতে পারবে না। এ কারণেই সে দল পায়নি, এখানে আহামরি কোনো বিষয় নেই।”

সাকিব আইপিএলে দল না পাওয়ায় উদ্বেগের কিছু দেখছেন না শিশির। তার প্রত্যাশা, আগামী বছরই আবার আইপিএলের মঞ্চে ফিরবেন সাকিব।

শিশির লিখেছেন,”এটা কোনো সমাপ্তি নয়। আগামী বছর বলে একটা ব্যাপার আছে! দল পেতে হলে তাকে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া করতে হত। তাই দল পেলেও কি আপনারা এখনকার মত কথা বলতেন? নাকি এতক্ষণে তাকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন? আপনাদের বিচার-বিশ্লেষণে পানি দিলাম বলে দুঃখিত!”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »