বিশ্বকাপের পর প্রথম মাঠে নামছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গত অক্টোবরে বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মত কাল টি-২০ ম্যাচ খেলতে নামছে অসিরা। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আজ শুক্রবার সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লংকানদের বিপক্ষে লড়বে অসিরা।

দাপট দেখিয়েই সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে ৫ ম্যাচের ৪টিতে জয় ও ১টি হার। একমাত্র হারটি ছিলো ইংল্যান্ডের কাছে।

ল্যাঙ্গারের জায়গায় অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহকারী হিসেবে কাজ করা এন্ড্রু ম্যাকডোনাল্ড। তবে ল্যাঙ্গার ইস্যুকে সরিয়ে রেখে মাঠে ক্রিকেটে মনোযোগ দিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিনি বলেন, ‘আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা ক্রিকেট নিয়ে মনোযোগ দিতে চাই এবং আমাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে চাই। শ্রীলংকার বিপক্ষে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পরই প্রথম আন্তর্জাতিক সিরিজ। তাই এই সিরিজটিকে আমরা গুরুত্ব সহকারেই দেখছি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে।

বিশ্বকাপের পর প্রথম টি-২০ সিরিজ খেলতে নামছে শ্রীলংকাও। তবে বিশ্বকাপের পর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে লংকানরা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে শ্রীলংকা। আর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতে লংকানরা।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে মিশন শেষ করেছিলো শ্রীলংকা। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে নিজেদের পরিকল্পনা সাজাতে চায় লংকানরা। আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়ার সুবাদে এই সিরিজটি কাজে লাগবে বলে মনে করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

তিনি বলেন, ‘আগামী বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে। এই সফর থেকে আমরা আগামী বিশ্বকাপের পরিকল্পনা শুরু করলাম। এই সিরিজের অভিজ্ঞতা পরের বিশ্বকাপে আমাদের অনেক বেশি কাজে দিবে।’

এদিকে, অস্ট্রেলিয়ায় গিয়ে করোনা পজিটিভ হন শ্রীলংকার ব্যাটার কুশল মেন্ডিস। সিরিজে তার খেলা অনিশ্চিত।

২০১৯ সালে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। ঘরের মাঠে তিন ম্যাচের ঐ সিরিজে লংকানদের হোয়াইটওয়াশ করেছিলো অসিরা।

এখন পর্যন্ত ১৭টি টি-২০ ম্যাচে দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার। এর মধ্যে ৯টিতে জয় পায় অসিরা, ৮টিতে লংকানরা। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়েছিলো অসিরা।

সিরিজের পরের চারটি টি-২০ হবে যথাক্রমে- ১৩, ১৫, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, ট্রাভিস হেড , ময়েসিস হেনরিকস, জশ ইংলিশ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, র্মাকাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।

শ্রীলংকা দল
দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, চামিকা করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুশারা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা ও শিরান ফার্নান্দো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »