অস্ট্রেলিয়ায় সিদ্ধান্ত নিতাম আমি, কৃতিত্ব নিত অন্য কেউ: রাহানে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ায় সবশেষ সফরে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ভারতের টেস্ট সিরিজ জয়ের বড় কারিগর ছিলেন অজিঙ্কা রাহানে। বিরাট কোহলির নেতৃত্বে প্রথম টেস্টে বিধ্বস্ত হওয়া দলকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে, চোট-আঘাতে বিপর্যন্ত দলকে যেভাবে উজ্জীবিত করেছিলেন, তা ছিল অবিশ্বাস্য। তাতে যতটা কৃতিত্ব তার প্রাপ্য, তা পাননি কখনও। ওই সিরিজে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দাবি, সেই কৃতিত্ব ছিনিয়ে নিয়েছিলেন অন্য কেউ।

২০২০-২১ মৌসুমে চার ম্যাচের টেস্ট সিরিজটি ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। ধরে রেখেছিল তারা বোর্ডার-গাভাস্কার ট্রফি।

ওই সিরিজেই প্রথম টেস্টে ভারত গুটিয়ে গিয়েছিল ৩৬ রানে, তাদের ইতিহাসের যা সর্বনিম্ন ইনিংস। অ্যাডিলেইডের ওই টেস্টে ভরাডুবির পর অধিনায়ক কোহলি চলে যান ছুটিতে। একের পর এক ক্রিকেটার ছিটকে পড়েন চোটে। শেষ টেস্টে দল গড়া হয় অনেকটা জোড়াতালি দিয়ে। সেই দলই চমক জাগানিয়া পারফরম্যান্সে জিতে নেয় সিরিজ।

ঘুরে দাঁড়ানোর শুরুটা মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয় দিয়ে। যেখানে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন রাহানে। আর শেষ টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত হয় এমন এক ভেন্যুতে, যেখানে আগের ৩২ বছরে ৩১ টেস্টে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। শক্তি আর অভিজ্ঞতায় অনেক পেছনে থেকেও প্রবল বিক্রমে লড়াই করে ব্রিজবেনের দুর্গ জয় করে রাহানের দল।

এমন সাফল্যের পরও সেভাবে প্রচারের আলোয় আসতে পারেননি রাহানে। বৃহস্পতিবার ‘ব্যাকস্টেজ উইথ বরিয়া’ শোতে এই ব্যাটসম্যান বলেন, অস্ট্রেলিয়ায় তার নেওয়া সিদ্ধান্তগুলোর কৃতিত্ব নিত অন্য কেউ।

“জানি, আমি সেখানে কী করেছি। কাউকে আমার বলার প্রয়োজন নেই। কৃতিত্ব নেওয়া আমার স্বভাব নয়। হ্যাঁ, একটা ব্যাপার ছিল যে, আমি মাঠে কিংবা ড্রেসিংরুমে সিদ্ধান্তগুলো নিতাম, কিন্তু অন্য কেউ এর কৃতিত্ব নিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »