নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত, তবে তার ফরচুন টা খুব বেশি ভালো হচ্ছে না, ব্যাট হাতে অশান্ত হয়ে উঠতে পারছেন না শান্ত। তবে নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত না শান্ত ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ব্যাটে রান নেই, কখনও আবার স্পষ্ট হয়ে উঠছে রানের জন্য সংগ্রাম, মাঝে মাঝে সেট হয়েও হচ্ছে না ইনিংস বড় করা, যেন খুজে পাওয়া যাচ্ছে না ব্যাট হতে চেনা শান্তকে। তবে ব্যাট হাতে এই দুঃসময় নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের এই ক্রিকেটার। শান্ত মনে করেন টি২০ তে এমন সময় যাওয়া অস্বাভাবিক নয় ।
শান্ত বলেন, ‘না আমি চিন্তিত না। আমার কাছে মনে হয় না (চিন্তার কারণ আছে)। টি-টোয়েন্টিতে এরকম হতেই পারে। আমি এখনও আত্মবিশ্বাসী, এক-দুইটা ভালো ইনিংস আরও ভালো অবস্থানে নিয়ে যাবে। তবে এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।’
ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও গত দুই ম্যাচে বোলিং দিয়ে চমক দেখিয়েছেন শান্ত। দলকে ব্রেক থ্রু এনে দিতে দেখাচ্ছেন মুন্সিয়ানা। সিলেট সানরাইজার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২ উইকেট শিকার করেছেন মাত্র ২ রানের খরচায়। বোলিং নিয়ে শান্ত বলেন, ‘বোলিং নিয়ে কথা না বলাই ভালো (হাসি)। যখন বল করার সুযোগ থাকে, চেষ্টা করি দলে অবদান রাখার। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সাকিব ভাই আমার ওপর আত্মবিশ্বাসী যে আমি ভালো করতে পারি। যখনই সুযোগ আসে ভালো করার চেষ্টা করি। বোলিং নিয়ে অনেক বেশি পরিকল্পনা তা না।’
