নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্লোয়ার ডেলিভারির আধুনিক সংযোজনের নাম নাকল বল। আধুনিক ক্রিকেট বিশ্বে নাকল বলের ছড়াছড়ি দেখা যায়নি এখনো তেমন। আর সেই নাকল বল করতে গিয়েই বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে- এমন দাবি ইংলিশ ক্রিকেটার রবি বোপারার।
বল টেম্পারিং করার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৫ রান জরিমানা গোনেন তিনি। এরপর পেয়েছিলেন ৩ ম্যাচেও নিষেধাজ্ঞাও। আপিল করে সেই নিষেধাজ্ঞা কমিয়ে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা।
এবার বোপারা নিজেই দিলেন সেই ঘটনার ব্যাখ্যা। শাস্তি মেনে নিলেও জোর কণ্ঠে বোপারার দাবি, তিনি বল বিকৃতির চেষ্টা করেননি।
নাকল বল করার সময় আঙুল ভাঁজ করে বলকে শক্তভাবে চেপে রাখতে হয়। বোপারার দাবি, সেটা করতে গিয়েই ম্যাচ অফিসিয়ালদের মনে হয়েছে তিনি বল টেম্পারিং করছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাকল বলের কিছু নিয়ম দেখান তিনি।
এ সময় তিনি জানান,”আমি আসলে নাকল বল করতে চেয়েছিলাম। কখনও এভাবে ধরতে হয়, কখনও বল আড়ালে রাখতে হয়, কখনও আবার এভাবে (বল হাতে নিয়ে নাকল বলের গ্রিপ দেখিয়ে)। কখনও আবার অফ কাটার করতে হবে।”
খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে শিশিরের কারণে বল ছিল ভেজা। বোপারা তখন সঠিক গ্রিপ খুঁজে পেতে বারবার বল ঘষছিলেন। এই বিষয়টিকেই ম্যাচ অফিসিয়ালরা টেম্পারিং ভেবেছেন, এমন দাবি বোপারার।
তিনি বলেন,”এভাবে গ্রিপ করা সহজ নয়, বিশেষ করে ভেজা বলে। ঠিকভাবে ধরতে না পারলে বল উড়ে চলে যেতে পারে, নো বল হতে পারে। তাই বলটা হাতে মানিয়ে নিতে হয়, ঠিকঠাক হলে বল করা যায়। আমার মনে হয় এখানে কোনো একটা ভুল ছিল। হতাশাজনক, তবে এটাই জীবন!”
