আইপিএল আমার জীবন বদলে দিয়েছেঃ ভিলিয়ার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রায় এক দশক খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। দীর্ঘ এই সময়ে দলটির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন প্রোটিয়া এই ব্যাটার।

তবে গত বছর আইপিএলের পরই সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৬০ ডিগ্রি খ্যাত ভিলিয়ার্স। ক্রিকেট ছাড়লেও তার মন জুড়ে এখনও রয়েছে বেঙ্গালুরুর স্মৃতি। তাই বেঙ্গালুরুর পডকাস্টে এসে নিজের আবেগ উগড়ে দিয়েছেন তিনি।

ভিলিয়ার্স বলেন,”রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমার কাছে একটা পরিবারের মতো। এখানে কাটানো ১০-১১টা বছর জীবন বদলে দিয়েছে। সব পরিবারের মতো এখানেও উত্থান-পতন ছিল। কিন্তু সময়টা দারুণ কেটেছিল।”

এক সাথে দীর্ঘ সময় খেলার পর অনেকের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল ভিলিয়ার্সের। বিশেষ করে বিরাট কোহলির সঙ্গে তার বন্ধুত্বের কথা পরিচিত সবার কাছে। একইসঙ্গে অনেকের সাথে টানাপড়েনও হয়েছে। এসব নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভিলিয়ার্স।

এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন,”দীর্ঘ সময় নানা ধরনের সম্পর্ক তৈরি হয়েছে। কারও সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠেছে। কারও সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সব কিছু উপভোগ করেছি। ফিরে তাকালে এখন আমার কোনও আক্ষেপ নেই। আরসিবিতে খেলার সময়টার দিকে দেখলে বলতেই হবে, জীবনের একটা দারুণ সময় আমি ওই দলে কাটিয়েছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »