বাংলাদেশের নয় পাকিস্তানের কোচের দায়িত্ব নিলেন টেইট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ অটিস গিবসন চলে যাওয়ায় এখন শুন্য বাংলাদেশের পেস বোলিং কোচের পদ। গুঞ্জন শোনা যাচ্ছিলো বাংলাদেশের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন অজি পেসার শন টেইট।তবে গুঞ্জনকে পিছনে ফেলে বাংলাদেশ নয় পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব নিলেন টেইট।

পাকিস্তানের নতুন পেস বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইটকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ ইউসুফ। এছাড়া মেয়াদ বাড়ানো হয়েছে প্রধান কোচ সাকলাইন মুশতাকের। আরও এক বছর দায়িত্বে থাকবেন মুশতাক।

বর্তমানে বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। বাংলাদেশে এসে জানিয়েছিলেন প্রস্তাব পেলে তিনি বাংলাদেশের কোচ হতে আগ্রহী।বিসিবির পছন্দের তালিকায়ও ছিলেন তিনি ।

এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন টেইট। ২০২১ সালে আগস্টে পাঁচ মাসের জন্য দায়িত্ব নেন তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই পদত্যাগ করেন। এছাড়া অস্ট্রেলিয়ার টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস ও আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে টেইটের প্রথম দায়িত্বটাই নিজ দেশের বিপক্ষে। তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-২০ খেলতে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »