নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসরের প্রথম থেকে দলের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছিলেন না বলে সমালোচনা শুনতে হচ্ছিল শামীম হোসেন পাটোয়ারিকে। তবে সর্বশেষ তিন ম্যাচ ধরে এই তরুণ রানের দেখা পাচ্ছেন। বিশেষ করে গতকাল স্বরূপে ধরা দিলেন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি), মিনিস্টার ঢাকার বিপক্ষে।
৩৭ বলে গড়া শামীমের ৫২ রানের ইনিংসে ঢাকা পায় ১৪৮ রানের পুঁজি। ৩ রানের রোমাঞ্চকর জয়ের পর স্বভাবতই শামীম পান ম্যাচসেরার পুরস্কার। দলকে জয়ের ছন্দে ফেরানোর নায়ক ম্যাচ শেষে জানালেন, কেমন ছিল নিজের পরিকল্পনা।
শামীম বলেন,”আমাদেরও শুরুতে উইকেট চলে গিয়েছিল। তখনই চিন্তা করেছি আস্তে আস্তে খেলব, স্ট্রাইক রোটেট করে খেলব। শেষ ওভার পর্যন্ত কীভাবে ব্যাট করা যায় এটাই লক্ষ্য ছিল।”
দীর্ঘদিন পর নিজেকে প্রমাণ করতে পেরে শামীম যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
তিনি বলেন,”আমি নিজেই অনেক ক্ষুধার্ত। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভালোভাবে করতে পেরেছি, শুকরিয়া। নির্দিষ্ট কিছু নিয়ে কাজ করিনি। স্বাভাবিক অনুশীলন করেছি।”
যদিও ম্যাচ সেরা হওয়ার আসনে বসার ম্যাচে শামীম পাননি ব্যাটিংবান্ধব উইকেট।
তিনি জানান,”আজকের উইকেট একটু কঠিন ছিল। আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম ওরকম হয়নি। হালকা টার্ন ও বাউন্স ছিল। মাঝেমধ্যে আবার বল ডাউনও হয়ে যাচ্ছিল।”
